(যে নবম মৃত্তিকার অনুপস্থিতিতে মহামায়ার নির্মাণ অসম্পূর্ণ, তারাও মহামায়ার একাংশ, নারীশক্তি বা মহামায়ার এক রূপ)
রাতের মহামায়া তখন দারুণ ক্ষিপ্র তৎপর
লক্ষ্য পূরণ পালার নায়িকা- চলমান সফর।
নির্ঘুম রাতের উচাটনী বেলা হয়েছে বায়না
পৌঁছাতে হবে ভুল স্বর্গে দেরি কেউ সয় না।
মদীর হাস্যে লাস্যে ঝলসায় রঙীন মধ্যরাত-
শিকড় ধরে উপড়ে টানে আশ্চর্য অভিঘাত!
ভিতর অলিন্দে নীরবে ফোটে রক্তকরবী কৃষ্ণচূড়া
নিখুঁত বিভঙ্গে তবুও ঢালে যৌবন ও সফেন সুরা।
জোছনা হেনে চাঁদ জ্বলে যায় রূপালী রূপ ঢেলে
শিশির জমে ঘাসের বুকে অতীত কানামাছি খেলে;
মন ভেসে যায় চিলের ডানায়- হিমেল হাওয়ায় দোল
নীলাভ দুনিয়া ধোঁয়া উৎসব বলে 'হল্লা বোল'।
অগ্নিজ্বালা রৌদ্রমুখী কালরাত্রিতপস্বিনী
সব লেনদেন শেষে সেই সত্যানন্দস্বরূপিনী।
বাতাস জুড়ে শিউলি ঘ্রাণ, রাত পোহালে বোধন
মহামায়া একই, ভিন্ন প্রকাশে অশুভ করে নিধন।
(কলমে ও স্বত্বাধিকারে, মৌলি বণিক)