20_10

রাতের নীর হয়ে শিশির - অমিতাভ মীর

নীল আকাশে বেড়ায় ভেসে সাদা মেঘের ভেলা,

সফেদ পেঁজা তুলোর মত চোখ জুড়োনো খেলা।

শরৎ শোভা মনোহারিণী শিউলি ঝরা ভোর,

রাতের নীর হয়ে শিশির বেঁধেছে ঘাসে ডোর।


শারদ দিনে কাশের বনে বায়ু দোলায় দোলে,

কাশের সাদা ফুলের শোভা নয়ন ভরে তোলে।

তুষার সাদা দোলনচাঁপা কুন্দকলি হাসে,

সুরভি সুখে বনের অলি ফুলের কাছে আসে।


শিউলি পাতা পথ গালিচা পদ পরশ চায়,

অনেক দূরে মহুল বনে বেহাগ শোনা যায়।

হৃদ কমলে মদির ছোঁয়া আবেশ ভরা মন,

আগমনীর ছন্দ সুরে মেতেছে মধু বন। 


এমন মধু শারদ ক্ষণে খুঁজছে কাকে মন,

কার হাতের সোহাগ পেতে কাঁদছে অনুক্ষণ। 

কোন কাননে পেতে আসন পুজায় আছো তুমি,

তোমার খোঁজে কাঁপিয়ে তুলি আকাশ, জল, ভূমি!


এক শরতে বুকেই ছিলে এই শারদে নেই,

তোমার কথা ভাবতে বসে হারিয়ে ফেলি খেই।

কোন কাননে বেঁধেছো বাসা হয়েছো কার সাথী, 

আর কি পাবো তোমার দেখা নামছে চোখে রাতি!


তোমার দেখা এই জনমে আবার যদি পাই,

থাকবে শুধু আমার হয়ে এটাই শুধু চাই।

কাশের বনে হারিয়ে যাবো হবো মেঘের ভেলা,

শিউলি মালা গলায় পরে শিশিরে ভিজে খেলা |

প্রচ্ছদ এবং সম্পাদকীয় কলমে

  দোল দিয়ে যায় কাশের বনে আশ্বিনের হিমেল হাওয়া শিশির ভেজা শিউলি বেলা বছর ঘুরে ফিরে পাওয়া। বোধন হতে নিরঞ্জন - ভেদ হীন এক ঐক্যতান, ঢাকের বো...